- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশিদুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ইট ও বালুর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাশু দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটে তার ইট-বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।