আজকের তারিখ: শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৫ দুপুর | ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুমেকে আউটসোর্সিং নিয়োগের ভাইভা ঘিরে উত্তেজনা, পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ


নিজস্ব প্রতিবেদক: আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে বাধ্য হতে হয়। অভিযোগ উঠেছে, টেন্ডারে অংশ নেওয়া একটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মী ও বহিরাগতদের হুমকির মুখে পড়ে বেশ কয়েকজন পরীক্ষার্থী ভাইভা না দিয়েই ফিরে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ ৩টি লটে মোট ১৮৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের লক্ষ্যে দরপত্র আহ্বান করে। এর অংশ হিসেবে সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় লট নং–১১৬৪৯৮২ এর আওতায় ৬০ জন কর্মচারীর ভাইভা পরীক্ষার সময় নির্ধারিত ছিল।

ভাইভায় অংশ নিতে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান—মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, তাকবীর এন্টারপ্রাইজ ও আল আরাফা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মনোনীত কর্মীরা হাসপাতালের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হন। এ সময় হাসপাতালে পূর্বে কর্মরত কয়েকজন কর্মচারীর সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে পরীক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুমকি দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাধার মুখে অন্তত ১২ জন পরীক্ষার্থী ভাইভা না দিয়েই ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তাকবীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইকতিয়ার উদ্দিন হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের কর্মচারীরা পরীক্ষায় অংশ নিতে এলে মাছরাঙা সিকিউরিটিজের কর্মীরা ‘মব’ সৃষ্টি করে অতর্কিত হামলা চালায় এবং তাদের লাঞ্ছিত করে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

author

Editor

খুমেকে আউটসোর্সিং নিয়োগের ভাইভা ঘিরে উত্তেজনা, পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ

Please Login to comment in the post!
adds

you may also like