- by Editor
- Jan, 03, 2025 07:49
এফ এম বুরহান, খুলনা প্রতিনিধি | শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
খুলনা জেলার তেরখাদা উপজেলার এম. এম. পুর শামছুল উলুম মাদ্রাসা মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া শাখার নবাগত সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব ও খুলনা-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।
বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন-ই মুক্তির পথ নয়। বাংলাদেশের ইতিহাসে একাধিকবার জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবারই জাতি পেয়েছে নতুন অপরাধপ্রবণ নেতৃত্ব।” তিনি আরও বলেন, “২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে যুবকরাই ছিল অগ্রভাগে, কিন্তু তারা আজো ভাগ্যের পরিবর্তন পায়নি। কর্মসংস্থানের অভাবে অনেকেই দিশেহারা হয়ে বিপথগামী হচ্ছে। উন্নত দেশ গড়তে আদর্শবান যুবকদের বিকল্প নেই। হাতপাখা বিজয়ী হলে যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে।”
অধ্যক্ষ ইউনুছ আহমাদ আরও বলেন, “নীতির পরিবর্তন ছাড়া শুধু নেতার পরিবর্তন করলে জুলাই অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। তাই গণঅভ্যুত্থানের সঠিক মূল্যায়নের জন্য সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, “নব্য ফ্যাসিস্টরা মাঠ পর্যায়ের আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে। এটি প্রমাণ করে তারা জনসমর্থন হারিয়েছে। এবারের নির্বাচনে হাতপাখার বিজয় নিশ্চিত।”
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম বলেন, “ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে কিছু মানুষ হিংসায় দিশেহারা। আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতীয় সংসদে আলেমদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে।”
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদ বলেন, “নির্বাচনে যদি কেউ দিনের ভোট রাতে দিতে চায়, তবে ইসলামী যুব আন্দোলনের নেতারা তা রুখে দেবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা হারুন অর রশীদ, শেখ মো. মুহিবুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুবনেতা হাফেজ বেলাল হুসাইন, সাইফুল্লাহ খালিদ নাজমুল, শেখ মো. ইউসুফ আলী, মুফতী ফয়জুল্লাহ, মো. রফিকুল ইসলাম এস্কেন্দার, হাফেজ মো. মহাসিন, হাফেজ জিয়াউর রহমান, মাওলানা আনিসুর রহমান, মুফতী সাজ্জাদ হুসাইন, হাফেজ হুসাইন, হাফেজ মুহাম্মদ নাজমুস সাকিব, মো. সাদুল্লাহ, আব্দুল মান্নান, জেলা ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ ফরহাদ মোল্লা ও মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।