- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনে মা ও মেয়েকে হত্যার ঘটনায় চার দিন ধরে পলাতক থাকা প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঝালকাঠি জেলার নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোহাম্মদপুর থানার একটি বিশেষ টিম বরিশাল অঞ্চলে অভিযান পরিচালনা করে আয়েশাকে গ্রেফতার করেছে।”
গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী চুরি গেছে। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পরপরই স্কুলড্রেস পরা এক তরুণী কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভবন থেকে বেরিয়ে যাচ্ছে। এই তরুণীকেই পরে গৃহকর্মী হিসেবে পরিচয় দেওয়া আয়েশা বলে শনাক্ত করা হয়।
প্রায় ২০ বছর বয়সী আয়েশা মাত্র চার দিন আগে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেন। পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবেই তিনি বাসায় প্রবেশ করে সুযোগ বুঝে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাটির পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নারী ও শিশুকে জোড়া খুনের এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তদন্তের অগ্রগতির বিষয়ে পুলিশ শিগগিরই বিস্তারিত জানাবে বলে জানানো হয়েছে।