আজকের তারিখ: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ রাত | ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনে আজিজুল বারী হেলাল


নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক দলের মধ্যে কোনো অনৈক্যের বীজ বপন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।

৪ নভেম্মবর ঙ্গলবার সকালে রূপসা ঘাটের ব্যাংক চত্বরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। পরে রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

হেলাল বলেন, “যদি বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী না হয়, তবে দেশের সার্বভৌমত্ব আবারও বিপদের মুখে পড়বে। আজ দেশের সব বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক একমত— বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি হলো বিএনপি।”

তিনি আরও বলেন, বিএনপি একটি মাল্টি-ক্লাস সংগঠন— যেখানে বহু শ্রেণি, মত ও পথের মানুষ একত্রিত। “বাংলাদেশ বহু জাতি, বহু সংস্কৃতি ও বহু ধর্মের দেশ। এই বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করার জন্য বিএনপির বিকল্প নেই,” যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে হেলাল বলেন, গত ১৭ বছরে তাদের অত্যাচার-নির্যাতনে দেশবাসী ক্লান্ত। “ফ্যাসিবাদী আচরণের কারণে তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ কী হবে, তা একমাত্র আল্লাহই জানেন।”

ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রসঙ্গে হেলাল বলেন, “আমি এই অঞ্চলের সন্তান। আমার জন্মভূমিতে আবারও ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি ক্ষমতার প্রকৃত মালিক।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, বিএনপি ততবার জনগণের পাশে দাঁড়িয়েছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কখনো জনগণকে ছেড়ে যাননি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে ঐক্য, উন্নয়ন ও সম্প্রীতির রূপসা গড়ে তুলুন।”

তিনি আরও যোগ করেন, “আমাকে দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ধানের শীষে ভোট দিয়ে আমরা একসাথে দেশ গড়বো, মিলেমিশে ঐক্যবদ্ধভাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সদস্য শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম মল্লিক, রিয়াজ মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদল সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, কৃষক দল রূপসা উপজেলার সদস্য সচিব আবু সাঈদ, তাতীদল নেতা মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে আজিজুল বারী হেলাল “আধুনিক ও উন্নত রূপসা” গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের জন্য কল্যাণ কামনা করে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।

author

Editor

রূপসায় নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনে আজিজুল বারী হেলাল

Please Login to comment in the post!
adds

you may also like