- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ শীতের গভীর রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ। চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। তাই তিনি প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণে নিয়েছেন এমন উদ্যোগ।
সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতের দিকে ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহকে উপজেলার বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরে এভাবে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে রাতের অন্ধকারে দূস্থ অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল। আবার উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে এতিমখানা, লিল্লাহ বোডিং, হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করছে।
কম্বল পাওয়া উপজেলা সদরের মোঃ আশরাফ, রহিম শেখ সহ একাধিক শীতার্ত ব্যক্তি জানান, এই শীতের রাতে ইউএনও স্যারের দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে। এ বিষয়ে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে বিতরণের জন্য মাত্র ১২ শত কম্বল শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যে কারণে প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া।
তিনি বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সকল নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর রাখছে সরকার। হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।