- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তলসহ মোঃ আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি (অ্যামোনিশন) উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।