- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক, খুলনা | (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬): খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বক্সীবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মুরাদ খান উপজেলার হাজীগ্রাম গ্রামের বাসিন্দা এবং খান মুনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ খান খুলনা শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সেনহাটি মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে অস্ত্রধারীরা তাকে সেখান থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।