আজকের তারিখ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ সকাল | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামে এক বিদ্যুৎশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ সরদার বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধীন চালু থাকা একটি খুঁটিতে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে খুঁটির ওপরেই ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ নিচে নামায়। নিহত সবুজ সরদার সামি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মী ছিলেন।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমাদের চৌকস একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।”

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা বিদ্যুতের কোনো কাজে হাত দেওয়ার আগে আমাদের জানানোর কথা। কারণ নির্দিষ্ট সময় ফিডার লাইন বন্ধ রাখলেই নিরাপদে কাজ করা সম্ভব। আমাদের না জানিয়ে কাজ শুরু করায় এ দুর্ঘটনা ঘটেছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author

Editor

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

Please Login to comment in the post!
adds

you may also like