- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: খুলনায় রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ফাঁড়ি থেকে ফেরদৌস হোসেন (২৭) নামে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফাঁড়ির বাথরুমের সিলিং থেকে তার মরদেহ ঝুলতে দেখে সহকর্মীরা উদ্ধার করেন।
নিহত ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি রূপসার ঘাটভোগ এলাকার শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সহকর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই ফেরদৌসকে কোথাও পাওয়া যাচ্ছিল না। রাতে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমের ভেতরে সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ঘটনা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।